ধসে পড়েছে ৫৭ বছরের পুরোনো রেডিও টেলিস্কোপ
ধসে পড়েছে পুয়ের্তো রিকোর আরেসিবো মানমন্দিরের বিখ্যাত সুবিশাল রেডিও টেলিস্কোপটি। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানা আবিষ্কার ও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টেলিস্কোপটির যন্ত্রপাতিসম্বলিত ৯০০ টন ওজনের প্ল্যাটফর্মটি ৪৫০ ফুট নিচে প্রতিফলক ডিশের উপর আছড়ে পড়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটের দিকের এ ধসের ঘটনায় প্রতিফলন ডিশ ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) ।
টেলিস্কোপটির প্রতিফলক রেডিও ডিশটি ১০০০ ফুট চওড়া আর যন্ত্রপাতিসম্বলিত প্ল্যাটফর্মটি ডিশটি থেকে ৪৫০ ফুট উপরে ঝুলে ছিল। তিনটি টাওয়ারের সঙ্গে সংযুক্ত তার বা কেবল প্ল্যাটফর্মটিকে শূন্যে টেনে ধরে রেখেছিল।
https://twitter.com/NSF/status/1333772980539691008
প্ল্যাটফর্ম ধসে পড়ার ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এনএসএফ।
গত ৫৭ বছর ধরে এ টেলিস্কোপটি বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। জেমস বন্ডের ‘গোল্ডেন আই’সহ বেশকিছু হলিউডি চলচ্চিত্রেও এই আইকনিক টেলিস্কোপটি দেখানো হয়েছে।
এদিকে আরেসিবো মানমন্দিরের বিশাল এই টেলিস্কোপকে যে তারগুলো শূন্যে ঝুলন্ত অবস্থায় ধরে রেখেছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তাজনিত শঙ্কা থেকে কর্মকর্তারা টেলিস্কোপটি ভেঙে ফেলা উচিত বলে মন্তব্য করেছিলেন। তার কয়েক সপ্তাহের মধ্যেই এটি ধসে পড়ল।